জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের কোথাও এখন জবাবদিহিতা নেই। কারণ দেশে এখন আর গণতন্ত্র নেই। আমরা চাই প্রকৃত গ্রণতন্ত্র প্রতিষ্ঠা করতে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টি সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের বি-টিম নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য দূরীকরণ, দুর্নীতির অবসান ও বেকারত্বের অভিশাপমুক্ত সুখি-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়াই আমাদের রাজনীতি।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করে বলেছে- পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসনামলের চেয়ে জনগণকে বেশি অধিকার দেওয়া হয়েছে। আসলে পল্লীবন্ধুর দেশ পরিচালনার সময় সাধারণ মানুষ যে অধিকার ভোগ করেছে, এখন তার ছিটেফোঁটাও নেই।
জাপা চেয়ারম্যান বলেন, এখন নির্বাচনের নামে প্রহসন চলছে। প্রজাতন্ত্রের মালিক হচ্ছেন দেশের সাধারণ মানুষ। অথচ তারা ইচ্ছামতো প্রতিনিধি নির্বাচন করতে পারছেন না, এমনকি পছন্দমতো না হলে প্রতিনিধি পরিবর্তনেও তারা আজ অপারগ। প্রতিনিধিদের সরকার পরিচালনায় জনগণের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন দৃশ্যমান নয়। এক কথায় জনগণ মালিক বা দেশ যে প্রজাতন্ত্র তা বাস্তবে অনুপস্থিত। দেশের ওপর সাধারণ জনগণের মালিকানা স্বত্ত্ব ছিনতাই হয়ে গেছে। তাই সাধারণ মানুষ রাজনীতি ও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।
অনুষ্ঠানে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু (এমপি), আতিকুর রহমান আতিক, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব মাহমুদ আলম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।