টাইগারদের সাবেক কোচ শেন জার্গেনসেনের পদত্যাগের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এরই মধ্যে আকরাম খান, খালেদ মাহমুদ সুজনদের নিয়ে ৫ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়েছে। বিদেশি কোচদের পাশাপাশি দেশিয় কোচরাও পর্যবেক্ষণে রয়েছে ক্রিকেট বোর্ডের। আর হেড কোচ ছাড়াও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং উপদেষ্টা হিসেবে সাবেক ক্রিকেট তারকারা তালিকায় রয়েছেন।
সামনেই রয়েছে ভারতের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ আর তার আগেই বিসিবি চাইছে হেভিওয়েট কোনো কোচকে নিয়োগ দিতে। হেড কোচের তালিকায় কারা রয়েছেন তা এখনও প্রকাশ করেনি বিসিবি। তবে বেশ খানিকটা এগিয়েই রয়েছেন ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। মুশফিক-সাকিবদের সামলাতে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে এ জিম্বাবুইয়ানের নাম।
এদিকে, বাতাসে গুঞ্জন, ফিরে আসতে পারেন মুশফিকদের সাবেক গুরু ডেভ হোয়াটমোর। আরেক অস্ট্রেলিয়ান মাইকেল বেভানও রয়েছেন এ তালিকায়। এছাড়াও বাংলাদেশের কোচ হতে পারেন শ্রীলঙ্কান চন্ডিকা হাতুরুসিংহও।
এছাড়া, হেড কোচের পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়েও স্পেশালিস্ট কোচদের নিয়োগ দিতে চায় বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। স্পিন বোলিংয়ের ধার বাড়াতে অস্ট্রেলিয়ান কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নকে পছন্দ বিসিবির। আর বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের পেস বোলিং উপদেষ্টা হিসেবে পাকিস্তানের সাবেক স্পিডস্টার ওয়াসিম আকরামকে পেতে চাইছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন।
বাংলাদেশের ফিল্ডারদের মাঠের পারফর্মেন্স আরো বাড়াতে দক্ষিণ আফ্রিকান গ্রেট জন্টি রোডস আসতে পারেন ফিল্ডিং কোচ হয়ে।
আগামী বছর মাঠে গড়াবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে তাই বেশ কিছুটা সময় হাতে রেখে বাংলাদেশের ক্রিকেট দলের কোচিং স্টাফ ঢেলে সাজাতে চাইছে বিসিবি। তবে এরইমধ্যে মানসম্পন্ন ও চাহিদা অনুযায়ী কোচ না পেলে দেশিয় কোচদের কথাও মাথায় রেখেছে বিসিবি।
তালিকায় রয়েছেন ইমরান সারোয়ার, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট।