স্প্যানিশ লা লিগার শিরোপা ১৮ বছর পর আবার অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরে। লিগে নিজেদের শেষ ম্যাচে ন্যূ ক্যাম্পে ১-১ গোলে ড্র করে বার্সেলোনার কাছ থেকে স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিলো অ্যাটলেটিকোরা।
নূ ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বার্সা ও অ্যাটলেটিকো। ম্যাচের ১৪ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দিয়েগো কস্তা। তবে ৩৩ মিনিটে গোলের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। অ্যালেক্সিস সানচেজের দূর্দান্ত শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কোকের ক্রসে হেড করে দলকে সমতায় ফেরান দিয়েগো গোদিন। এরপর লিওনেল মেসি অফসাইডে গোল করলে লিড নিতে ব্যর্থ হয় বার্সা। ম্যাচে আর গোল না হলে ১-১ ব্যবধানে ড্র করে লা লিগার শিরোপা নিজেদের করে নেয় দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো।
এদিকে, লা লিগায় নিজেদের শেষ ম্যাচে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে তিন নম্বরে থেকে লিগ শেষ করেছে রিয়াল মাদ্রিদ।