দুর্নীতির অভিযোগ প্রমানিত হলে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ভেন্যুর জন্য আবার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন ফিফার সহ-সভাপতি জিম বয়েস।
বৃটিশ দৈনিক সানডে টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন ফিফার নির্বাহী কমিটির সদস্য ও এএফসির সাবেক সভাপতি কাতারের মোহাম্মদ বিন হাম্মাম।
এদিকে, সানডে টাইমসের দাবি, কাতার ফুটবলের কর্মকর্তা মোহাম্মদ বিন হাম্মাম ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হবার জন্য ৫ মিলিয়ন পাউন্ড ঘুষ দিয়েছেন। আর সে অর্থের বিনিময়ে কাতারের পক্ষে ভোট প্রদান করেছেন আফ্রিকার ফুটবল অফিশিয়ালরা।
২০১০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে স্বাগতিক হওয়ার সুযোগ পায় কাতার। ২০১১ সালে দুর্নীতির দায়ে ফিফার গভর্নিং কমিটি থেকে পদত্যাগ করেন মোহাম্মদ বিন হাম্মাম।