শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতা নিয়ে কোন মন্তব্য নয়, বরং বাংলাদেশ জাতীয় দলের উন্নতিই মূল লক্ষ্য বলে জানালেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাশাপাশি দলের উন্নতির জন্য প্রতিটা সিরিজে ভালো খেলার কথা বললেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার পর সাংবাদিক সম্মেলেন একথা জানালেন মুশফিকদের নতুন এ কোচ।
এক জুলাই থেকে দায়িত্ব নেয়ার কথা থাকলেও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থাকায় বেশ আগেই ঢাকায় চলে আসেন দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকা আসার একদিন বাদেই মঙ্গলবার বিসিবি'তে আসেন শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার। কথা বলেন, বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। জাতীয় দলের অনুশীলন জার্সি গায়ে জড়ানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন টাইগারদের নতুন এ কোচ।
পরে মূল স্টেডিয়াম পরিদর্শন করেন হাথুরুসিংহে কথা বলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে। এরপর সাংবাদিক সম্মেলনে নতুন কোচ বলেন, দলগতভাবে জাতীয় দলের পারফমেন্সের উন্নতি করানোটাই মূল লক্ষ্য তার। তাই অতীত ব্যর্থতা নিয়ে কোন মন্তব্য করতে রাজি নন তিনি।
সেই সঙ্গে দলের উন্নতির জন্য সিরিজ বাই সিরিজ উন্নতির উপর জোর দিবেন তিনি। হাথুরুসিংহ বলেন, ২০১৯ বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশকে দেখতে চান তিনি।