আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ফুটবলের বিশ্বকাঁপানো বিশ্বকাপ আসর। বাংলাদেশে তিনটি টিভি চ্যানেল সরাসরি দেখাবে ৬. ১৭ কেজি ওজনের একটি গোল্ড কাপের জন্য ৩২ দেশের ডাকসাইটে ফুটবলারদের শৈল্পিক যুদ্ধ।
বিশ্বময় চরম উত্তেজনা, আনন্দ, আর উৎসবের মধ্য দিয়ে এ যুদ্ধ দেখবে শতকোটি মানুষ।
শুরু থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে চারটি টিভি চ্যানেলে খেলা দেখা যাবে এমন সংবাদ পরিবেশন করা হলেও বৃহস্পতিবার দুপুরের পরেই পাল্টে যায় চিত্র। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় ভারতীয় চ্যানেল সনি সিক্সের সম্প্রচার।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, বাংলাদেশ টেলিভিশন, গাজী টেলিভিশন ও মাছরাঙ্গা টেলিভিশন বিশ্বকাপের খেলা দেখাবে। আমাদের দেশীয় চ্যানেল যেখানে খেলা দেখাবে সেখানে ভারতীয় চ্যানেলের খেলা আমরা কেন সম্প্রচার করবো? তাছাড়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই তিনটি চ্যানেলই অনুমোদন নিয়ে খেলা দেখাচ্ছে।
গাজী টিভির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তারা ফিফার কাছ থেকে যখন স্বত্ব কিনেছেন তখনই বলা ছিল বাংলাদেশে তিনটি চ্যানেল ছাড়া অন্য কেউ বিশ্বকাপ ফুটবলের খেলা সম্প্রচার করতে পারবে না।
এদিকে, সনি সিক্সের ওয়েবসাইটে দেখা গেছে, সরাসারি ওয়েব সম্প্রচারও দুপুরের পর থেকে বন্ধ রয়েছে। সেখানে লেখা রয়েছে, বাংলাদেশ থেকে ওই পাতায় এই মুহূর্তে ভিডিওচিত্র দেখা সম্ভব নয়।