বিশ্বকাপের ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস।
গতবারের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েই শিরোপা জিতেছিল স্পেন। আর তৃতীয়বারের মতো ফাইনাল থেকে খালি হাতে ফিরেছিল নেদারল্যান্ডস। এ ম্যাচে স্পেন নিশ্চয়ই চাইবে গত ওয়ার্ল্ডকাপ ফাইনালের পুনরাবৃত্তি। আর নেদারল্যান্ডস নিতে চাইবে প্রতিশোধ।
গত বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তার এই গোলেই তৃতীয়বারের মতো হৃদয় ভেঙেছিল নেদারল্যান্ডসের। ইতিহাসে প্রথমবারের মতো আগেরবারের দুই ফাইনালিস্টের সাক্ষাত হতে যাচ্ছে পরের আসরের গ্রুপ পর্বেই। মর্যাদার এ লড়াইয়ে নিশ্চয়ই কেউ কাউকে ছাড় দিতে চাইবে না এতটুকুও। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে স্পেন। আগের ১২বারের সাক্ষাতে ৬টিতে জিতেছে তারা। ৪ ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। আর বাকী ২ ম্যাচ ড্র হয়েছে।
মার্চে ইনজুরিতে মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ৪-৩-৩ ফরমেশন ভেঙে ৫-৩-২ এর নতুন ফরমেশন আনেন নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গাল। সবশেষ ইকুয়েডর ও ঘানার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এ ফরম্যাটেই দলকে খেলিয়েছেন ভ্যান গল। ডাচদের ৮ জন ডিফেন্ডারের মধ্যে ৫ জনেরই বয়স ২৫ এর নিচে। আর অভিজ্ঞতায়ও তারা কিছুটা পিছিয়ে। যা অরেঞ্জদের জন্য কিছুটা দুশ্চিন্তারই বটে।
মাঝমাঠ থেকে বল জোগান দিতে হবে ওয়েস্লি স্নাইডার, নাইজেল ডি জংদের। বায়ার্ন মিউনিখে দারুণ একটি মৌসুম পার করেছেন উইঙ্গার আরিয়েন রোবেন।
আর ম্যানচেস্টার ইউনাইটেডে বাজে সময় পার করলেও কমলা জার্সি গায়ে ভালোই খেলছেন রবিন ভ্যান পার্সি।
এদিকে, ব্রাজিলের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা চ্যালেঞ্জিং হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের জন্য। কারণ গত বছরের কনফেডারেশন্স কাপের ফাইনালে ব্রাজিলের মাটিতেই সেলেকাওদের কাছে হেরেছিল লা রোজারা। তবে স্পেনের জন্য সুখবর ডাচদের বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলে জন্ম নেয়া স্ট্রাইকার দিয়েগো কস্তা।
ডাচদের রক্ষণদুর্গ ভেদ করার মতো যথেষ্ট শক্তিশালী আক্রমণভাগ রয়েছে স্পেনের। কস্তার দু পাশে থাকতে পারেন ডেভিড সিলভা ও আন্দ্রেস ইনিয়েস্তা। মাঝখানে জাভি, মিডফিল্ডে সাবি আলোনসো ও সার্জিও বুস্কেটস আর ডিফেন্সে থাকবেন জর্ডি অ্যালবা, অ্যাজপিলিকুয়েটা, সার্জিও রামোস ও জেরার্ড পিকে। গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় দেখা যাবে সেন্ট ইকার, ইকার ক্যাসিয়াসকে।
স্পেন ও নেদারল্যান্ডস, দুদলই চাইবে ম্যাচটি জিতে 'বি' গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের পথে নিজেদের এগিয়ে রাখতে। এই দুই ইউরোপিয়ান জায়ান্টের একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: