বিশ্বকাপে নিজেদের পঞ্চাশতম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল মেক্সিকো। অরিবি পারেলতার একমাত্র গোলে ক্যামেরুনকে হারিয়েছে লা ভারদেরা। ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে চিলি।
এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে ক্যামেরুন। শুরুতেই লায়নদের জালে বল পাঠায় লা ভারদেরা। তবে হেক্টর হারেরার ক্রস থেকে দস সান্তোসের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।
আক্রমণে পিছিয়ে ছিল না ক্যামেরুনও। তবে লায়ন্সদের মূল ভরসা স্যামুয়েল এটো লিড নেয়ার সুযোগ নষ্ট করেন।
বিরতি থেকে ফিরে মেক্সিকোকে লিড এনে দেন অরিবি পারেলতা। এরপর বাকি সময়ে নিজেদের আধিপত্য ধরে রাখে মেক্সিকো। তবে আক্রমণ থেকে সাফল্যের দেখা পাচ্ছিল না লা ভারদেরা।
নির্ধারিত সময়ের খেলা শেষে পারেলতার একমাত্র গোলে, মেক্সিকো জয় পেল বিশ্বকাপে নিজেদের অর্ধশত তম ম্যাচে।
‘বি’ গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামে বিশ্বকাপের ডার্ক হর্স চিলি। প্রথম থেকেই সকারুদের চেপে ধরে চিলিয়ান ফরোয়ার্ডরা। ১২ মিনিটেই সাফল্যের মুখ দেখান আলেক্সিস সানচেজ।
গোলের ধাক্কা সামলে উঠার আগেই আবারও সকারুদের জালে বল পাঠান ভালদিভিয়া।
দুই গোলে পিছিয়ে পরে সকারুরা আশ্রয় নেয় কাউন্টার অ্যাটাকের। আর তা থেকেই সাফল্য পেয়ে যান টিম কাহিল।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে সকারুদের জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন জিয়ান। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপের সূচনা করল চিলি।