গ্রুপ অফ ডেথ ‘ডি’ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় চার বারের চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। ইংলিশদের হারিয়ে শুভ সূচনা করতে চাইবেন মারিও বালোতেল্লি, বুফন, পিরলোরা। এদিকে, ইতালিকে হারিয়ে গ্রুপ পর্ব পেরোনোর পথে এগিয়ে থাকতে চাইবে ইংল্যান্ড।
বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি। বাছাই পর্বে অপরাজিত থাকলেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত।
১৩ বার বিশ্বকাপ খেললেও মাত্র একবার শিরোপার দেখা পেয়েছে ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড। ২০১০ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেয় ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। শেষ চার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বেশি এগুতেই পারেনি ইংলিশরা। আর এবারো গ্রুপ পর্বেই তাদের প্রতিপক্ষ উরুগুয়ে ও ইতালির মতও দল।
তাই প্রথম ম্যাচেই ইতালির বিপক্ষে জয় তুলে নিতে চাইবে ইংলিশরা। ডিফেন্স নিয়ে বরাবরই দুশ্চিন্তায় থাকতে হয় ইংল্যান্ডকে। ইতালির বিপক্ষে ভালো করতে তাদের তাকিয়ে থাকতে হবে স্টিভেন জেরার্ড, ওয়েন রুনি ও ড্যানিয়েল স্টারিজদের দিকে।
এদিকে, আন্দ্রে পিরলো, জিয়ানলুইজি বুফন, মারিও বালোতেল্লি, ড্যানিয়েল ডি রসিদের দল ইতালি। অপরাজিত থেকে সহজেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে আজ্জুরিরা। ১৭ বার বিশ্ব ফুটবলের মহাআসের অংশ নিয়ে চারবার শিরোপা জিতেছে ইতালি, রানার্সআপ হয়েছে দুইবার।
তবে ২০১০ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিলো আজ্জুরিদের। তাই ইংলিশদের বিপক্ষে হারতে চাইবে না প্রানদেল্লির শিষ্যেরা।
পাশাপাশি মুখোমুখি লড়াইয়েও ইংল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে ইতালিয়ানরা। ২৪ ম্যাচের ৭টি ম্যাচ ড্র হলেও নয়টি তে জয় তুলে নিয়েছে আজ্জুরিরা। এদিকে, ৮টিতে জয় পেয়েছে ইংলিশরা। তবে গোল করায় ইতালিয়ানদের এগিয়ে রয়েছে ইংল্যান্ড।