গ্রুপ অব ডেথ-মৃত্যুকূপে প্রথম লড়াইয়ে দারুন জয় পেল চারবারের চ্যাম্পিয়ন ইতালি। ‘ডি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো আজ্জুরিরা। ইংল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ আর ইতালির পক্ষে স্কোর করেন ক্লদিও মারচিজিও ও মারিও বালোতেল্লি।
মানাউসের অ্যারেনা অ্যামাজোনিয়ায় ‘ডি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড। ইনজুরিতে পড়ায় অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে ছাড়াই খেলতে নামে ইতালি।
শুরু থেকেই বল দখলে খানিকটা এগিয়ে ছিলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তবে আক্রমণটা একটু বেশিই শানিয়েছে ইংল্যান্ড। তবে ফাইনাল টাচ দিতে ব্যর্থ হচ্ছিলো থ্রি লায়ন্সরা।
আচমকা গোল আদায় করে নেয় ডিফেন্সিভ খেলতে থাকা ইতালি। আজ্জুরিদের লিড এনে দেন ইয়ুভেন্টাস মিডফিল্ডার ক্লদিও মারচিজিও। তবে গোল পরিশোধে সময় নেয়নি ইংল্যান্ড। ড্যানিয়েল স্টারিজের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে ১-১ সমতায় ফেরে ইংলিশরা।
এরপরই খেলায় গতি বেড়ে যায়। বিরতির ঠিক আগমুহূর্তে ইংলিশ রক্ষণে হামলে পড়ে ইতালি। সে যাত্রায় কোনো রকমে রক্ষা পায় থ্রি লায়ন্সরা। তবে টানেল থেকে ফিরে আর ভুল করেনি আজ্জুরিরা। অ্যান্তোনিও কান্দ্রেভার ক্রস থেকে হেড করে ব্যবধান ২-১ করেন মারিও বালোতেল্লি।
এরপর লং রেঞ্জ শটে আক্রমণে যাওয়ার প্রবনতা লক্ষ্য করা যায় দুদলের মধ্যেই। তবে নিশানা ভেদ করতে ব্যর্থ হয় উভয় দলই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিজারে প্রানদেল্লির শীষ্যরা।
’ডি’ গ্রুপের পরবর্তী ম্যাচে ১৯ জুন উরুগুয়ের বিপক্ষে ইংল্যান্ডের আর ২০ জুন কোস্টারিকার সঙ্গে ইতালির ম্যাচ।