বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় ‘এফ’ গ্রুপের প্রথম খেলায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বসনিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ৯টি জেতা আর্জেন্টিনার জন্য পরীক্ষাটি খুব কঠিন হওয়ার কথা না। তবে বিশ্বকাপে ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে মাত্র দুই জয়ের রেকর্ড তাদের তখন খুব স্বস্তিতেও থাকবে না তারা।
এ বসনিয়া-হার্জেগোভিনা তো এলেবেলে দল নয়। বাছাইপর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। দলের দুই প্রান্তে আছেন বিশ্বমানের দুই জন। নিজেদের গোলবারের নীচে আসমির বেগোভিচ এবং প্রতিপক্ষের বারপোস্টের সামনে ফরোয়ার্ড এদিন জেকো।
গত আসরের প্রথম ম্যাচে নাইজেরিয়ার ভিক্তর এনিয়েমার অতিমানবীয় সব সেভে গোল পাওয়া হয়নি মেসির। তাকে একই হতাশায় পোড়ানোর সামর্থ্য আছে বেগোভিচের। আর জেকোর গোল করার দক্ষতাও প্রশ্নাতীত। বিশেষত আর্জেন্টাইন ডিফেন্স যখন উঁচু বল সামলানোয় অদক্ষ আর সেটিই আবার দীর্ঘদেহী এ ফরোয়ার্ডের শক্তির জায়গা!
কাগজ-কলমে ম্যাচটি তাই আর্জেন্টিনার জন্য যতোটা সহজ হবে বলে মনে হচ্ছে মাঠের লড়াইয়ে সেটি নাও হতে পারে। আর প্রতিবেশী উরুগুয়ে প্রথম ম্যাচে কোস্টা রিকার কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর নিশ্চয় প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুল আর করবে না আলেহান্দ্রো সাবেইয়ার দল।
এদিকে, রাত ১০টায় সুইজারল্যান্ড খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে এবং রাত ১টায় ফ্রান্সের বিপক্ষে খেলবে হন্ডুরাস।