ঘাম ঝরানো জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। 'এফ' গ্রুপের প্রথম ম্যাচে বসনিয়া হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
আট বছর পর বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল পেয়েছেন লিওনেল মেসি। তবে গোলের সংখ্যায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও গোলমুখে শট নিতে সামনে ছিলো বসনিয়া।
রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা বসনিয়া হার্জেগোভিনা। মাথার ওপর পর্বতসম প্রত্যাশার চাপ নিয়ে শুরু করে ম্যাচের দুই মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির সেটপিস থেকে আত্মঘাতি গোল করে বসেন বসনিয়ার ডিফেন্ডার সিড কোলাসিনাচ।
ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ড্রাগনসরা। তবে আর্জেনটাইন গোলরক্ষ সার্জিও রোমরোর দৃঢ়তায় সফল হয়নি বসনিয়ার ফরোয়ার্ডরা।
আর্জেন্টিনাও মাঝে মধ্যে ঝটিকা আক্রমন শানিয়েছে তবে তা বসনিয়ার জালে বল জড়ানোর মতো কার্যকরী সুযোগ তৈরি করতে পারেনি।
প্রথমার্ধে আর্জেন্টিনা বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখে শট নিতে এগিয়ে ছিলো বসনিয়া। রোমেরোর বাঁধায় সমতায় ফেরা হয়নি সাফেত সুসিচের শীষ্যদের।
লিওনেল মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা খেলার অধিকাংশ সময়েই। তবে ৬৪ মিনিটে আচমকাই জ্বলে উঠলেন আর্জেন্টাইন অধিনায়ক। একক প্রচেষ্টায়, বিশ্বকাপে আট বছর পরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করলেন মেসি।
লিওনেল মেসির গোলে চাঙ্গা হয়ে ওঠে অনেকটাই ঝিমিয়ে পড়া আর্জেন্টিনা দল। তবে বসনিয়ার ডিফেন্সের সামনে সাফল্য পায়নি আলবিসেলেস্তেরা।
উল্টো গোল খেয়ে বসে সাদা আকাশীরাই। বাজে ডিফেন্সের মাশুল দেন রোমেরো, ফ্রেডেরিকোরা।
রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলের নিশ্চিত হলেও দলের ডিফেন্স আর খেলার কৌশল নিয়ে নিশ্চই স্বস্তিতে থাকতে পারছেন না আর্জেন্টাইন কোচ আলেহান্দ্রো সাবেয়া।
২১ জুন ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা।