করিম বেনজেমার জোড়া গোলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।
দক্ষিন আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়ার গ্লানি নিয়ে, ব্রাজিল বিশ্বকাপে খেলতে এসেছে দিদিয়ের দেশামের ফ্রান্স। ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ হন্ডুরাস, লে ব্লুজদের সামনে।
পুরো প্রথমার্ধ ফ্রান্সকে আটকে রাখলেও শেষ দিকে হন্ডুরাস ডিবক্সে পল প্রগবাকে ফাউল করে বসেন উইলসন প্যালাসিও। লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হল প্যালাসিওকে। স্পটকিক থেকে গোল করে লিড নিতে কোন ভুল করলেন না করিম বেনজেমা।
প্রথম গোলের সাফল্য সঙ্গী করে নতুন উদ্যমে দ্বিতীয়ার্ধে খেলতে নামে ফ্রান্স। সাফল্যও আসল মাঠে নামার ৩ মিনিটে। প্রথমবারে মত গোললাইন টেকনলজির সফল প্রয়োগের সুবাদে ব্যবধান ২-০ করে লে ব্লুজরা।
হন্ডুরাসের বিপক্ষে যেন অদম্য-অপ্রতিরোধ্য হয়ে উঠেন করিম বেনজেমা। ৭২ মিনিটে আরও একবার প্রতিপক্ষের জালে বল পাঠান এ রিয়াল মাদ্রিদ তারকা।
হ্যাটট্রিকের চেষ্টায় মরিয়া বেনজেমাকে শেষ পর্যন্ত দুই গোলেই সন্তুষ্ট থাকতে হল। আর ৩-০ ব্যবধানের জয় নিয়ে ব্রাজিলে শুভসূচনা করল ফ্রান্স।