বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে গোলশুন্য ড্র হয়েছে নাইজেরিয়া-ইরান ম্যাচ। ইরানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সুপার ঈগলদের। এটিই এ বিশ্বকাপের প্রথম ড্র। আরেক ম্যাচে ঘানাকে হারিয়ে অঘটন ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তের নাটকীয়তায়, ব্ল্যাক স্টারদের ২-১ গোলে হারিয়েছে ইয়াঙ্কিসরা।
ইরানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নাইজেরিয়া। তবে ফিনিশিংয়ের অভাবে লিড নিতে ব্যর্থ হয় সুপার ঈগলরা। ৯ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্টিফেন কেশির শিষ্যরা। তবে এমানুয়েল এমেনিকের পাস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন ওশানিয়া।
তবে সুযোগ এসেছিল ইরানেরও। ম্যাচের ৩৪ মিনিটের কর্নার থেকে পাওয়া বলে রেজা মাথা ছোয়ালেও, গোলরক্ষক ভিনসেন্টের কল্যানে সে যাত্রায় রক্ষা পায় নাইজেরিয়া। গোল শুন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও বারবার ব্যর্থ হয় নাইজেরিয়া। ৮৩ মিনিটে পিটার সহজ সুযোগ করলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় নাইজেরিয়াকে।
আরেক ম্যাচে শুরুতেই ঘানার রক্ষণভাগে ঢুকে পড়ে যুক্তরাষ্ট্র। ২৯ সেকেন্ডে লিড নেয় তারা। দুর্দান্ত এক গোল করেন ক্লিন্ট ডেম্পসি। এরপর একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি ঘানা। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। গোল শোধে মরিয়া ঘানা ম্যাচে ফেরে ৮২ মিনিটে। সমতা আনেন আন্দ্রে আইয়ু।
মিনিট চারেক পরে আবারো এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কর্নার থেকে হেডে জয়সুচক গোলটি করেন জন ব্রুকস। সেইসঙ্গে গতবারের আসরে ব্ল্যাক স্টারদের কাছে হারের প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।