বিশ্বকাপ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর মেক্সিকোর বিপক্ষে জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে সেলেকাওদের। শুধুমাত্র দ্বিতীয় রাউন্ড নিশ্চিত নয় বরং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নাম লেখাতে চায় লুইস ফেলিপে স্কলারির শীষ্যরা।
জয় দিয়ে হেক্সার পথে প্রথম বাধাটি টপকেছে ব্রাজিল তাই ক্রোয়েশিয়ার পর এবার মেক্সিকো। লা ভারদে’দের হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্বের খেলা।
মেক্সিকোকে হারানোর পূর্ব অভিজ্ঞতা রয়েছে স্কলারির তরুণ তুর্কীদের। কনফেডারেশনস কাপে নেইমার ও ফ্রেডের গোলে ২-০ ব্যবধানে মেক্সিকোকে হারিয়েছিল সেলেকাওরা। তবে ২০১২ সালে এক প্রীতি ম্যাচে ব্রাজিলের সঙ্গে ২-০ গোলে জয় পায় লা ভারদেরা। এ পর্যন্ত মোট ৩৮ বারের দেখায়, ব্রাজিলের ২২ বারের জয়ের বিপরীতে মেক্সিকোর জয় মাত্র ১০টিতে।
তবে বিশ্বকাপে এবার মেক্সিকোকে ছোট করে দেখার উপায় নেই। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ৩-৫-২ অর্থোডক্স ফর্মেশনে খেলে জয় তুলে নিয়েছিল লা ভারদেরা। সেলেকাওদের বিপক্ষেও একই ফর্মেশনে দল নামাবেন মিগুয়েল হেরেরা। ব্রাজিল ডিফেন্সে ফাটল ধরাতে ফরোয়ার্ড জিয়োভন দস সান্তোসের ওপরই ভরসা রাখবেন মেক্সিকান কোচ মিগুয়েল হেরেরা।
৪-২-৩-১ ফর্মেশনে স্কলারির মেক্সিকো বধ, নাকি লা ভারদে চমকে থমকে দাঁড়াবে সেলেকাওরা - সেটাই দেখার অপেক্ষায় ফুটবল।
এদিকে, রাত ১০টায় গ্রুপ ‘এইচ’ এর প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া। এছাড়া, গ্রুপের আরেক ম্যাচে ভোর ৪টায় মুখোমুখি হবে রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
বেলজিয়ামের উইং এডিন হ্যাজার্ডের সঙ্গে মিডফিল্ডে জায়গা পাওয়ার জন্য লড়তে হবে আদনান ইয়ানুজাজ. কেভিন মিরালেস, কেভিন দে ব্রুইন ও ড্রাইস মার্টিন্সকে। দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা ভিনসেন্ট কোম্পানি। তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়লেও, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই ফিট হয়ে উঠছেন আরোমেলু লুকাকু।
অপরদিকে, কোনো ইনজুরি সমস্যা নেই আলজেরিয়া স্কোয়াডে। এ দলে সবার নজর থাকবে ভ্যালেন্সিয়া মিডফিল্ডার সোফিয়ান ফেগুউলি, টটেনহাম হটস্পার মিডফিল্ডার নাবিল বেনতালেব ও লিসেইন ক্যাদামুরোর দিকে।