মেক্সিকান গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে ম্লান হল ব্রাজিলের সব কৌশল। নেইমারদের দুর্দান্ত সব শট গেল ভেস্তে। গোল শূন্য ড্র ব্রাজিল-মেক্সিকো ম্যাচ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে এল ত্রিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সেলেকাওদের।
মেক্সিকোর বিপক্ষে ঘরের মাঠে স্বাভাবিকভাবেই ফেবারিট ব্রাজিল। অতীতের পরিসংখ্যান আর শক্তিমত্তার বিচারেও এগিয়ে সেলেকাওরা। তবে ম্যাচের শুরু থেকে মেক্সিকোও জানান দিচ্ছিল ছেড়ে কথা বলবে না তারা।
আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। তবে নেইমারের দুর্দান্ত হেডের মুখে বাধা হয়ে দাড়ান মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া।
সুযোগ আসে মেক্সিকোরও। এর সদব্যবহার করতে না পারায় গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। মেক্সিকান রক্ষণভাগে একেক পর এক হানা দেয় তারা। তবে সব আক্রমণই মুখ থুবড়ে পড়ে মেক্সিকান গোলরক্ষকের কাছে। ৬৮ মিনিটে আবারো নেইমারের শট রুখে দেন তিনি।
ব্রাজিলের সহজ সুযোগ এসেছিলে ৭৬ মিনিটেও। তবে সে যাত্রায় গোল করতে ব্যর্থ হন জো।
৮৬ মিনিটে নেইমারের ফ্রি কিক থেকে থিয়াগো সিলভার হেড, গিলের্মো রুখে দিলে, শেষ আশাটাও ফুরিয়ে যায় ব্রাজিলের।
এরপর মেক্সিকো দু একটা অ্যাটাক করলেও ব্যর্থ হয় গোল আদায়ে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু দলকে।