বিশ্বকাপের গ্রুপ অব ডেথ ‘ডি’ গ্রুপের ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয় দুদলের বিশ্বকাপ মিশন। আর তাই এ ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ এ দুই দলের জন্য। প্রথম ম্যাচে হেরে গেলেও ইংল্যান্ডের খেলায় ছিল প্রতিশ্রুতির ছাপ। এদিকে, কোস্টারিকার কাছে ৩-১ গোলে হেরে বড় ধাক্কা খায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ও উরুগুয়ের শুরটা হয়েছিল হার দিয়ে। ইতালীর বিরুদ্ধে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। তবে সে ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে রয় হজসনের শীষ্যরা।
অপরদিকে কোস্টা রিকার কাছে ৩-১ গোলে হেরে হাইভোল্টেজ শক খায় উরুগুয়ে। যা কি-না, এবারের বিশ্বকাপের প্রথম আপসেটও। তাইতো গ্রুপ অব ডেথ ডি গ্রুপের এ ম্যাচটি ইংল্যান্ড ও উরুগুয়ের জন্য ডু অর ডাই ম্যাচ।
এর আগে ১০ বার একে অপরের মুখোমুখি হয়েছে এ দুই দল। সেখানে উরুগুয়ের চার জয়ের বিপরীতে তিনটি জয় ইংল্যান্ডের। ড্র হয়েছিল বাকি তিনটি ম্যাচ।
ইনজুরি থেকে সেরে উঠলেও কোস্টারিকার বিপক্ষে সাইডবেঞ্চে বসে খেলা দেখতে হয়েছিল উরুগুয়ের সেরা পারফরমার লুইস সুয়ারেজকে। তবে থ্রি লায়ন্সদের বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের টপ গোল স্কোরারকে। এছাড়াও সুয়ারেজের সঙ্গে আক্রমণভাগে থাকছেন এডিনসন কাভানি। আর গত আসরের গোল্ডেন বল জয়ী ডিয়েগো ফোরলান।
লা সেলেস্তে দের আক্রমণভাগ যদি হয় ভয়ঙ্কর তবে থ্রি লায়ন্সদের ফরোয়ার্ড লাইন রীতিমতো দুর্ধর্ষ। ড্যানিয়েল স্টারিজ, ওয়েইন রুনি, রাহিম স্টারলিং ও ড্যানি ওয়েলবেকের ওপর দায়িত্ব গোল করার।
তবে ইটালির বিপক্ষে ভাল পারফর্ম করতে না পারায় এ ম্যাচে রয় হজসনের মূল একাদশে জায়গা নাও হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ওয়েইন রুনির।