বিশ্বকাপের 'ডি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার রাত দশটায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এই ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে আজ্জুরিরা।
এদিকে 'ই' গ্রুপের ম্যাচে রাত ১টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ফ্রান্স। গ্রুপের আরেক ম্যাচে রাত ৪টায় হন্ডুরাসের সঙ্গে লড়বে ইকুয়েডর।
গ্রুপ অফ ডেথের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ইতালি। অবশ্য ২০১০ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল আজ্জুরিদের।
এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠতে চাইবে প্রানদেল্লির শিষ্যেরা। দলে রয়েছেন পিরলো, বালোতেল্লি, রসিদের মতো তারকারা। এদিকে, গত বিশ্বকাপের চতুর্থ স্থানধারী উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী কোস্টারিকাও।
ফর্মে রয়েছেন জো ক্যাম্বেল, অস্কার দুয়ার্তেরা। ব্রাজিল বিশ্বকাপে ইতালিকে হারিয়ে আরেক চমক দেখাতে পারে আন্ডার ডগ কোস্টারিকা। হেড টু হেড লড়াইয়ে, কোস্টারিকার বিপক্ষে একবারের দেখায় জয় পেয়েছে ইতালি।