‘এ’ গ্রুপের খেলায় রাত ২টায় স্বাগতিক ব্রাজিল লড়বে আফ্রিকার অদম্য সিংহ ক্যামেরুনের বিপক্ষে। পরবর্তী রাউন্ডে যেতে হলে এ ম্যাচ জিততে হবে অথবা ড্র করতে হবে সেলেকাওদের। এদিকে, আগের দুই ম্যাচে হেরে যাওয়ায় পরবর্তী রাউন্ডে খেলা হচ্ছেনা ক্যামেরুনের। একই গ্রুপে ক্রোয়েশিয়া ও মেক্সিকোর ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচ দুই দলের জন্য। যে দল জিতবে তারাই পৌঁছে যাবে শেষ ষোলোতে।
বিশ্বকাপে নিজেদের শততম ম্যাচে ক্যামেরুনের সঙ্গে মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারালেও পরের ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করে সেলেকাওরদের শেষ ষোলতে খেলা এখনও নিশ্চত নয়। মেক্সিকোর সঙ্গে পয়েন্ট সমান হলেও গোলব্যবধানে এগিয়ে নেইমাররা।
তবে ক্যামেরুনের সঙ্গে ড্র করলেও রাউন্ড অব সিক্সটিনে পৌছে যাবে ব্রাজিল। এমনকি হেরে গেলেও থাকছে পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনা। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে হারতে হবে মোক্সিকোর কাছে।
এর আগের চারবারের মোকাবেলায় ব্রাজিল জিতেছে তিনবার। ক্যামেরুন একবার।
ব্রাজিলকে ভোগাচ্ছে মিডফিল্ডার পৌলিনহো ও স্ট্রাইকার ফ্রেডের ফর্ম। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা এ ম্যাচে হলুদ কার্ড দেখলে পরের রাউন্ডের খেলা মিস করবেন ক্যাপ্টেন থিয়াগো সিলভা, মিডফিল্ডার লুইজ গুস্তাভো ও ফরোয়ার্ড নেইমার। প্রথম দুই ম্যাচেই হারা ক্যামেরুন শেষ ম্যাচে জেতার জন্য শেষ ম্যাচে জানপ্রাণ লড়বে। এ অদম্য সিংহরা সেলেকাওদের ভোগাতে পারে।
এদিকে, ইনজুরি থেকে সেরে এ ম্যাচে ফিরছেন তারকা স্ট্রাইকার স্যামুয়েল এতো।
একই গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খানিকটা এডভান্টেজ মেক্সিকোর। ড্র করলেই মেক্সিকো চলে যাবে শেষ ষোলোতে। তবে ক্রোয়েশিয়াকে জিততেই হবে পরের রাউন্ডে যেতে।
তাদের অন্যতম ভরসা বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার মারিও মানজুকিচ। আগের ম্যাচে ক্যামেরুনকে ৪-০ গোলে উড়িয়ে এখন মেক্সিকোর বধের লক্ষ্য তাদের।