‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে সোমবার রাত ১০টায় গোলোবারের ফাইনালিস্ট নেদারল্যান্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় দেয়া চিলি। গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে নিয়মরক্ষার আনুষ্ঠানিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে, গেলোবারের চ্যাম্পিয়ন স্পেন।
‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিলি ও নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে দুদল। ফলে এ ম্যাচের ফলাফলে ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ।
গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়নরা সুপার সিক্সটিনে লড়বে গ্রুপ এর রার্নাসআপদের সঙ্গে। আর গ্রুপ ‘বি’ এর রানার্সআপদের প্রতিপক্ষ হবে গ্রুপ এর চ্যাম্পিয়নরা। তাই দুদলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিপক্ষে ডাচদের স্পটলাইট থাকবে, আগের দুই ম্যাচের সেরা পারফর্মার, রবিন ভ্যান পার্সি ও আরিয়েন রোবেনের ওপর। প্রথম দুই ম্যাচে এরই মধ্যে তিনটি করে গোল করেছেন এই দুই ডাচ সুপারস্টার। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে দিয়ে, চমক দেখানো চিলির স্পটলাইটে থাকবেন, দুই চিলিয়ান ফরওয়ার্ড, অ্যালেক্সিস সানচেজ ও এদুয়ার্দো ভার্গাস।
নিয়মরক্ষার ম্যাচে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে, এরই মধ্যে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাওয়া, গেলোবারের চ্যাম্পিয়ন স্পেন। মানসিকভাবে ভেঙ্গে পড়া স্প্যানিশদের লক্ষ্য থাকবে অন্তত একটি ম্যাচ জিতে বাড়ি ফিরে যাওয়া।
আর স্প্যানিশদের হারিয়ে একটি জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে অস্ট্রেলিয়ানরা। প্রথম দুটি ম্যাচেই হারলেও দ্বিতীয় ম্যাচে ডাচদের সঙ্গে তুমুল লড়াই করে অস্ট্রেলিয়া।