চিলিকে ২-০ গোলে হারিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। আর অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে হারিয়ে সান্তনার জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো আসরের চ্যাম্পিয়ন স্পেন।
নেদারল্যান্ডস ও চিলির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছিল আগেই। এ ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। চ্যাম্পিয়ন হতে চিলির প্রয়োজন ছিলো জয় আর নেদারল্যান্ডসের ড্র। সাসপেনশনের কারণে অধিনায়ক রবিন ভ্যার্সিকে ছাড়াই খেলতে নামে নেদারল্যান্ডস। আর ভ্যান পার্সির অভাবটা বেশ ভালোভাবেই ফুটে উঠছিলো ডাচদের খেলায়। প্রথম ত্রিশ মিনিটে তেমন কার্যকর আক্রমণ করতে পারেনি দুদলের কেউই।
৩৪ মিনিটে ডাচদের পক্ষে প্রথম গোলমুখে সুযোগ সৃষ্টি করেন আরিয়েন রোবেন। তবে সেটপিস থেকে নেয়া রোবেনের শটে ঠিকমতো মাথা ছোয়াতে পারেননি স্টেফান ডে ফ্রি।
কিছুক্ষণের মধ্যেই আবারো অ্যাটাকে যান আরিয়েন রোবেন। তবে অল্পের জন্য ব্রাজিল বিশ্বকাপে নিজের চতুর্থ গোল মিস করেন এই বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।
আর বিরতি পর্যন্ত ৭৩ শতাংশ বল দখলে রাখলেও গোলমুখে একটি শটও নিতে পারেনি চিলি। ৭৭ মিনিটে ডেডলক ভাঙ্গেন নেদারল্যান্ডসের বদলি মিডফিল্ডার লেরয় ফের।
ইনজুরি টাইমে আরিয়েন রোবেনের অ্যাসিস্ট থেকে চিলির জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান মেম্ফিস ডিপেই। ২-০ ব্যবধানে জিতে তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো নেদারল্যান্ডস।
আরেক ম্যাচে খেলতে নামে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় ঘণ্টা বেজে যাওয়া দুই দল অস্ট্রেলিয়া ও স্পেন। ৩৫ মিনিটে স্প্যানিয়ার্ডদের হয়ে গোলের খাতা খোলেন ডেভিড ভিয়া।
দ্বিতীয়ার্ধে ফার্নান্দো তোরেসের গোলে ২-০তে লিড নেয় লা রোজারা। আর অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন হুয়ান মাতা। ৩-০ ব্যবধানের সান্তনার জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে স্পেন।