কঠিন এক সমীকরণ মাথায় রেখে মঙ্গলবার রাত ১০টায় মাঠে নামবে ইতালি ও উরুগুয়ে। নকআউট পর্বে যেতে আজ্জুরিদের প্রয়োজন ড্র, অন্যদিকে জয়ের কোনো বিকল্প নেই উরুগুয়ের সামনে। একই সময়ে কোস্টারিকার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।
২০১০ বিশ্বকাপের সেই তিক্ত অভিজ্ঞতা যেন আবারও ফিরে আসছে ইতালির সামনে। গত বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও আজ্জুরিরা বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। ব্রাজিল বিশ্বকাপেও সেই একই স্মৃতি তাড়া করে ফিরছে তাদের। গ্রুপ অব ডেথের মৃত্যু কূপে পরে আবারও যেন গ্রুপ পর্ব থেকে বিদায়ের হাতছানি দেখছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
যেখানে নকআউট পর্বে যাবার এক কঠিন সমীকরণ ইতালি ও উরুগুয়ের সামনে। আজ্জুরিরা ড্র করেও গোল ব্যবধানে চলে যাবে শেষ ষোলতে। অন্যদিকে জয় ছাড়া দ্বিতীয় কিছু ভাবার উপায় নেই উরুগুয়ের।
পেছনের সব তিক্ত স্মৃতি ঝেড়ে ফেলে উরুগুয়ের বিপক্ষে পুনঃউদ্যামে মাঠে নামবে সিজার প্রাণদেল্লির শিষ্যরা।
বিগত ম্যাচের সব ভুল থেকে নেয়া শিক্ষাকে লা সেলেস্তেদের বিপক্ষে কাজে লাগাতে চান আজ্জুরি বস। তবে ইনজুরির কারণে মাঝমাঠে পির্লোর সঙ্গে নাও থাকতে পারেন ডি রসি।
অন্যদিকে, এডিনসন কাভানি, দিয়াগো ফোরলানরা যা করতে পারননি, তা একাই করে দেখিয়েছেন লুইস সুয়ারেজ। দলকে নকআউট পর্বের স্বপ্ন দেখানোর নায়ক যে তিনিই। আজ্জুরিদের বিপক্ষেও ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন সুয়ারেজই।
দিনের অন্য ম্যাচে, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ডেফ গ্রুপের প্রথম শিকার হওয়া ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় থ্রী লায়ন্সদের জন্য ম্যাচটি শুধুমাত্রই নিয়ম রক্ষার। তবে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ হাতছাড়া করবে না কোস্টারিকা।