লিওনেল মেসির জোড়া গোলে নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরমধ্য দিয়ে 'এফ' গ্রুপ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলেতে উঠলো আর্জেন্টিনা। আর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে নাইজেরিয়া।
আরেক ম্যাচে ইরানকে ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া হার্জেগোভিনা।
মর্যাদার লড়াইয়ে রিও ডি জেনিরোয় নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নামে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের আগের দুই ম্যাচে জয় পেলেও খুঁজে পাওয়া যায়নি চিরচেনা আর্জেন্টিনাকে।
তবে এ ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসে আলবিসেলেস্তেরা। ৩ মিনিটেই গোলের খাতা খোলেন লিওনেল মেসি।
খেলা জমিয়ে তোলে নাইজেরিয়া। মিনিটের কাঁটা ঘুরতে না ঘুরতেই ম্যাচে সমতা ফেরায় আফ্রিকান সুপার ঈগলরা।
স্কোর করেন আহমেদ মুসা।
গোল খেয়েই প্রতিআক্রমণে যায় আর্জেন্টিনা। তবে নিশানাভেদ করতে ব্যর্থ হন মিডফিল্ডার ডি মারিয়া ও ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন।
লং রেঞ্জ থেকেও অ্যাটাক করে আলবিসেলেস্তেরা। অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি ডি মারিয়া।
তবে সাদা আকাশী শিবিরকে উৎসবের উপলক্ষ্য এনে দেন লিওনেল মেসি। ডি বক্সের কিছুটা বাইরে থেকে চোখ ধাঁধানো গোল করেন মাসায়া মেসি।
রোমাঞ্চ ভরপুর এই ম্যাচে বিরতি থেকে ফিরতেই না ফিরতেই স্কোরলাইন ২-২ করেন আহমেদ মুসা।
জ্বলে ওঠে আগের দুই ম্যাচে নিষ্প্রভ থাকা আর্জেন্টিনা। নাইজেরিয়ার গোলের রেশ কাটার আগেই ৩-২ এ আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্কো রোহো।
রেফারির শেষ বাঁশিতে পূর্ণ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা। আর চার পয়েন্ট পেয়ে রানার্স আপ হয় নাইজেরিয়া।
এদিকে, এডিন জেকো ও মিরালেম জ্যানিক ও আভিদজা ভ্রাসেজিকের গোলে ইরানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বসনিয়া হার্জেগোভিনা।