জার্দান শাকিরির হ্যাটট্রিকে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে নকাআউট পর্ব নিশ্চিত করলো সুইজারল্যান্ড। এটি ছিল চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। ‘ই’ গ্রুপের আরেক ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ফ্রান্স। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন লা ব্লুরা।
শেষ ষোল নিশ্চিত করতে হন্ডুরাসের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না সুইজারল্যান্ডের। এদিকে, দুই ম্যাচের একটিতেও না জেতা হন্ডুরাসের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার লড়াই মাত্র।
প্রথম দুই ম্যাচ গোলের দেখা না পাওয়া বায়ার্ন মিউনিখ তারকা জার্দান শাকিরি জ্বলে উঠলে হন্ডুরাসের বিপক্ষে ৬ মিনিটেই সুইসদের লিড এনে দেন।
বিরতিতে যাবার আগে সুইসরা ব্যবধান দ্বিগুণ করে শাকিরির গোলে। ওয়ান অন ওয়ান থেকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। দুই গোল করা শাকিরি তৃতীয় গোলের দেখা পেলেন ৭১ মিনিটে। ব্রাজিল বিশ্বকাপে থমাস মুলারের পর এটি ছিল দ্বিতীয় হ্যাটট্রিক আর শাকিরির দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে সুইজারল্যান্ড।
দিনের আরেক ম্যাচে, ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামে ফ্রান্স। শুরু থেকেই আমারিওসদের উপর চড়াও হয়ে খেলতে থাকলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না লা ব্লুরা।
গোলের সুযোগ এসেছিল আমারিওসদের কাছেও তবে এনার ভ্যালেন্সিয়ার দূর্বল হেড রুখে দেন হুগো লরিস।
ইকুয়েডর গোলরক্ষক ম্যাক্সিমো বানগুয়েরা যেন প্রাচীর দাড়িয়েছিলেন গোলবার ও বেনজেমা-গ্রিজম্যানদের মাঝে। শেষ পযর্ন্ত বিশাল ব্যবধানে প্রথম দুই ম্যাচ জেতা ফ্রান্সকে, ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়।