শেষ দুই দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিল বেলজিয়াম ও আলজেরিয়া। আর গ্রুপ এইচ থেকে বাদ পড়লো আগামী বিশ্বকাপের আয়োজক রাশিয়া।
ফ্যাবিও ক্যাপেলোর শীষ্যদের সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের ফুটবলে ইতিহাস গড়েছে আলজেরিয়া। প্রথমবারের মতো তারা উঠলো বিশ্বকাপের নক-আউট পর্বে। এবারের বিশ্বকাপে নাইজেরিয়ার পর তারা শেষ ষোলোতে ওঠা দ্বিতীয় আফ্রিকান দল।
আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।
ড্র করলেই রাউন্ড অব সিক্সটিনে যাবে আলজেরিয়া। অন্যদিকে, জয়ের কোন বিকল্প নেই রাশিয়ার। এমন এক সমীকরণে গ্রুপ এইচে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে দুই দল।
৬ মিনিটেই লিড নেয় রাশিয়া। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন আলেকজান্ডার কোকোরিন।
এরপর বেশ কিছু সুযোগ পায় রাশিয়া। তবে ফিনিশিংয়ের অভাবে লিড বাড়াতে পারেনি ফ্যাবিও ক্যাপেলোর শীষ্যরা। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।
ম্যাচে ফিরতে মরিয়া আলজেরিয়া সমতা আনে ৬০ মিনিটে। স্কোরশিটে নাম লেখান ইসলাম স্লিমানি।
শেষ পর্যন্ত বল আর জালের দেখা না পেলে, ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দুল। সেইসঙ্গে, তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পরের পর্বে জায়গা করে নেয় আলজেরিয়া। নক আউট পর্বে ৩০ জুন তাদের প্রতিপক্ষ জি গ্রুপের চ্যাম্পিয়ন জার্মানি।
আরেক ম্যাচে, গ্রুপ চ্যাম্পিয়ন হতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্রই যথেষ্ট ছিল বেলজিয়ামের। তবে একধাপ এগিয়ে, ১-০ গোলের জয় পায় রেড ডেভিলরা। ম্যাচের ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন জন ভারটোঙ্গেন। পরের পর্বে ১ জুলাই তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।