বিশ্বকাপের নক আউটপর্ব শুরু হচ্ছে শনিবার থেকে। রাউন্ড অব সিক্সটিনের লাইন আপঠিক হয়ে গেছে। ৩২টি দলের আট গ্রুপের লড়াইয়ে নির্ধারিত হয়েছে কোন ১৬টি দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইতালি, স্পেন ও ইংল্যান্ডের মতো বিশ্বচ্যাম্পিয়নরা। আর চমক দেখিয়েছে কোস্টারিকা, চিলি ও যুক্তরাষ্ট্রের মতো আন্ডারডগ দলগুলো।
'এ' গ্রুপ চ্যাম্পিয়ন এবারের বিশ্বকাপের হট ফেবারিট ব্রাজিল। ঘরের মাটিতে পর্বতসম প্রত্যাশার চাপ তাদের ওপর। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই অস্কার, নেইমারদের মুখোমুখি হতে হবে ল্যাতিন আমেরিকার আরেক দল চিলির। যারা গ্রুপ পর্বে স্পেন ও অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে।
ইতালির স্বপ্ন মাটি করে দিয়ে শেষ ১৬তে ওঠা উরুগুয়ে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়াকে।
পূর্ণ পয়েন্ট নিয়ে বি গ্রুপ সেরা হয়েছে নেদারল্যান্ডস। রবিন ভ্যান পার্সি ও আরিয়েন রোবেনদের ইউরোপিয়ান পাওয়ার ফুটবলের সঙ্গে সাক্ষাত হবে 'এ' গ্রুপ রানার্স আপ মেক্সিকোর।
গ্রুপ পর্বে দুই বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়েকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে চমক দেখানো দল কোস্টারিকা। ‘ডি’ গ্রুপের সেরা এই দলটি খেলবে গ্রিসের সঙ্গে।
গ্রুপ পর্বের তিন ম্যাচে ৮ গোল করে ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে এসেছে ১৯৯৮ এর চ্যাম্পিয়ন ফ্রান্স। আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়ার বিপক্ষে লড়তে হবে করিম বেনজেমা অলিভার জিরু দের।
বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল জার্মানি। ৩ ম্যাচে ৭ গোল করে জি গ্রুপের চ্যাম্পিয়ন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। এ পাওয়ার হাউজের মোকাবেলা করবে আফ্রিকার দেশ আলজেরিয়া।
১৯৭৮ ও ১৯৮৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘এফ’ গ্রুপ থেকে সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। তিন ম্যাচে চার গোল করে এরইমধ্যে গোল্ডেন বুট প্রত্যাশীদের তালিকায় চলে এসেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
সবশেষে রয়েছে ইউরোপের আরেক সাড়া জাগানো দল বেলজিয়াম। এডিন হ্যাজার্ড ভিনসেন্ট কোম্পানিদের সাক্ষাত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে।