কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রাত ২টায় মুখোমুখি হচ্ছে দুই লাতিন শক্তি, উরুগুয়ে ও কলম্বিয়া। কাগজে কলমের হিসেবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের চেয়ে পিছিয়ে থাকলেও গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে চমক দেখিয়েছে হোসে পেকারম্যানের কলম্বিয়া। দ্বিতীয় রাউন্ডে এটি তাদের দ্বিতীয়বারের মতো খেলা।
এদিকে, প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয়েছিল উরুগুয়ের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচে উরুগুয়ের চেহারা বদলে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। নিষেধাজ্ঞায় পড়া সেই সুয়ারেজ থাকছেন না এ ম্যাচে। তাকে ছাড়া কলম্বিয়ার সঙ্গে কঠিন লড়াইয়ে নামতে হবে উরুগুয়েকে।
এর আগে মাত্র একবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া এবং উরুগুয়ে। ১৯৬২ সালে গ্রুপ পর্বে। সেবার কলম্বিয়া শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছিল লা সেলেস্তেরা।
এ পর্যন্ত ৩৮ বার মুখোমুখি হয়েছে দুই দল উরুগুয়ের জয় ১৮টি, কলম্বিয়ার ১১টি আর ড্র হয়েছে ৯ বার।
অবশ্য এবার আত্মবিশ্বাসটা একটু বেশিই থাকবে লা ক্যাফেতেরোসদের কারণ গত বছরের সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেই, জয়ের মিশন শুরু করেছিল কলম্বিয়া। এরপর আর কোনো ম্যাচ হারেনি পেকারম্যানের শীষ্যরা। তারওপর গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে ৯ গোল করে দুর্দান্ত ফর্মে তারা। তাদের তারকা স্ট্রাইকার ইনজুরিতে পড়া রাদামেল ফ্যালকাওকে ছাড়াই দারুণ খেলছেন জেমস রড্রিগেজ, জ্যাকসন ম্যার্টিনেজরা।
এদিকে, অতীতের ইতিহাস ছাড়া এবারের বিশ্বকাপে আলোচনা করার মতো তেমন খেলেনি উরুগুয়ে। কোস্টারিকার সঙ্গে ৩-১ গোলে হেরে মিশন শুরু করে অস্কার তাবারেজের শীষ্যরা। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে রানার আপ হয়ে। তবে সব কিছু ছাপিয় এখন আলোচনায় লুইস সুয়ারেজ।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেয়ায়, চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন, এবারের আসরে ২ গোল করা এই উরুগুইয়ান স্ট্রাইকার। তাই সুয়ারেজকে ছাড়া মানষিক ভাবে কতটা এগিয়ে থাককে উরুগুয়ে, সেটিই এখন দেখার বিষয়।