বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে সোমবার রাত ১০টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে ১৯৯৮ এর চ্যাম্পিয়নরা। আফ্রিকান সুপার ঈগলদের বিপক্ষে ফ্রান্স ফেবারিট হলেও কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে মরিয়া হয়েই লড়বে নাইজেরিয়া।
গ্রুপ পর্বে শুরুটা বেশ দুর্দান্ত ছিল ফ্রান্সের। হন্ডুরাসকে ৩-০ ও সুইজারল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দেন তারা। তবে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করলেও আজও নাইজেরিয়ার বিপক্ষে ফেবারিট লা ব্লুজরা।
তবে সুপার ঈগলরা রুখেও দিতে পারে দিদিয়ের দেশাম্পের ফ্রান্সকে। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও নাইজেরিয়া। ২০০৯ সালে সেই প্রীতি ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছিল আফ্রিকান জায়ান্টরা। দুদলেই রয়েছে ইনজুরি সমস্যা। ফ্রেঞ্চ ডিফেন্ডার মামাদু সাকোর খেলা অনিশ্চিত। তবে প্যাট্রিক এভরা, লরেন্ট কোসাইলনি থাকবেন ডিফেন্স সামলাতে। মিডফিল্ডে ব্লেইজ মাতুইদি, পল পগবা ও ইয়োহান কাবায়ে।
তবে ফ্রান্সের মূল ভরসা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা। তিন ম্যাচে গোল করেছেন ৩টি। আর দলের আরো দুটি গোলের উৎস ছিলেন তিনি। ইনজুরির কারণে ফ্রাঙ্ক রিবেরিকে পায়নি ফ্রান্স। কিন্তু দলের এ তারকার অভাবটা বুঝতে দেননি বেনজেমা।
এদিকে, এফ গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে নাইজেরিয়া। বসনিয়ার বিপক্ষে জয়টি ছিল ষোলো বছর পর বিশ্বকাপে তাদের প্রথম জয়। তবে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে তারা। সে ম্যাচে জোড়া গোল করা স্পার্তাক মস্কো ফরোয়ার্ড আহমেদ মুসার ওপর ভরসা রাখতে হবে কোচ স্টিফেন কেশীকে।
এছাড়াও পরিশ্রমী ও মেধাবী ইমানুয়েল এমেনিকে বদলে দিতে পারেন ম্যাচের মোড়।