বিশ্বকাপের নকআউট পর্বে রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। মেসি নৈপুণ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে দারুণ আত্মবিশ্বাসী কোচ আলেহান্দ্রো সাবেয়ার শিষ্যরা। এদিকে, দুটি ম্যাচ জিতলেও ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরেছে সুইজারল্যান্ড। ফলে সুইসদের বিপক্ষে মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবে ফুটবলপ্রেমীরা।
নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ র্যাং কিংয়ের ছয় নম্বর দল সুইজারল্যান্ড। গ্রুপ পর্বের বসনিয়া হার্জেগোভিনা, ইরান, নাইজেরিয়ার মত সহজ প্রতিপক্ষের চেয়ে সুইসদের বিপক্ষে তুলনামূলক কঠিন লড়াইয়ে নামবে, বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে ৩টি ম্যাচেই মেসি ম্যাজিকে জিতেছে দুই বারের চ্যাম্পিয়নরা। তিনটি ম্যাচেই সেরা পারফরমার লিওনেল মেসি। তিন ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের জোরালো দাবিদার এ আর্জেন্টাইন সুপারস্টার। তাই কোয়ার্টার ফাইনালে উঠতে লিওনেল মেসির পারফর্মেন্সের উপর অনেকাংশেই নির্ভর করবে আলবিসেলেস্তেরা।
ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো ইনজুরিতে পড়ায় আজ মাঠে দেখা যেতে পারে এজেকুয়েল লাভেজ্জিকে।
এদিকে, গ্রুপ পর্বে ইকুয়েডর ও হন্ডুরাসের বিপক্ষে দুইটি ম্যাচ জিতলেও ফ্রান্সের বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছিলো সুইজারল্যান্ড। সুইসদের স্পটলাইটে থাকবেন শেষ ম্যাচে হ্যাটট্রিক করা জেরদান শাকিরি। আর ফ্যাবিয়ান শারদের মূল কাজ হবে মেসিকে আটকে দেয়া।
ছয় বারের সাক্ষাতে দুটি ড্র করলেও বাকি চার ম্যাচেই আর্জেন্টিনার কাছে হেরেছে সুইজারল্যান্ড। ফলে সুইসদের বিপক্ষে মানসিকভাবে এগিয়ে থাকবেন মেসি ও তার সতীর্থরা। আর সুশৃঙ্খল সুইস স্কোয়াডকে হারাতে পারলে দক্ষিণ আমেরিকার তৃতীয় দেশ হিসেবে শেষ আটে উঠবে আর্জেন্টিনা।