অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের শেষ দিকে ঝলক দেখালেন মেসি। আর তাতেই নিশ্চিত হলো আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের টিকেট। মেসির মাপা পাস ধরে ডি মারিয়া পরাস্ত করলেন সুইস গোলরক্ষককে।
এই গোলেই সুইজারল্যান্ডকে ১-০ তে হারিয়ে স্নায়ুক্ষয়ী এক জয় পেল আর্জেন্টিনা। অব্যাহত রইলো আলেহান্দ্রো সাবেয়ার শিষ্যদের বিশ্বকাপ জয়ের মিশন।
ফেবারিট জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স আর চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল আগেই চলে গেছে কোয়ার্টার ফাইনালে। এবার মর্যাদার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনা।
শুরু থেকে বল দখলে এগিয়ে ছিলো আর্জেন্টিনাই। তবে সুইস রক্ষণ ভেদ করে কার্যকরী আক্রমন করতে পারছিলো না আলেহান্দ্রো সাবেয়ার শীষ্যরা। কখনো বারপোষ্টের উপর দিয়ে, আবার কখনো বলে মাথা ছোয়াতে ব্যর্থ হচ্ছিলো আলবিসেলেস্তেরা।
বিরতির আগে সুযোগ সৃষ্টি করেছিলো সুইজারল্যান্ড। তবে সার্জিও রোমেরোর দৃঢ়তায় সফল হতে পারেনি সুইসরা।
দ্বিতীয়ার্ধেও সুইজারল্যান্ডের ডিফেন্সের সামনে সফল হতে পারছিলেন না গঞ্জালো হিগুয়েন ও লিওনেল মেসিরা।
সবচেয়ে ভালো সুযোগটি এসেছিলো ম্যাচের ৭৮ মিনিটে। তবে লিওনেল মেসির শট রুখে দিয়ে সুইজারল্যান্ডকে সে যাত্রায় রক্ষা করেন গোলরক্ষক দিয়েগো বেঙ্গালিও।
নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই জালের ঠিকানা খুঁজে না পেলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। এক্সট্রা টাইমেও গোল খাওয়ার হাত থেকে বাঁচতে সব রকম চেষ্টা চালায় অটমার হিট্সফেল্ডের শীষ্যরা।
তবে শেষ রক্ষা করতে পারেনি সুইসরা। লিওনেল মেসির মাপা এক পাসকে কাজে লাগিয়ে আলবিসেলেস্তেদের পক্ষে ১২৭ মিনিটে জয়সূচক গোল এনে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
শেষদিকে, মিডফিল্ডার ব্লেরিম জেমাইলির হেড থেকে বল বারে লেগে ফিরে আসলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সুইজারল্যান্ডকে।