অতিরিক্ত সময়ের গোলে জয় পেল বেলজিয়াম। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে, যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে, শেষ আটে পৌছে গেল ডার্ক হর্সরা। নির্ধারিত ৯০ মিনিট গোলশুন্য থাকলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
লড়াইটা র্যাং কিংয়ের ১১ নম্বর দল বেলজিয়াম বনাম ১৩ নম্বর দল যুক্তরাষ্ট্রের। খাতা কলমের হিসেবে তফাৎটা খুব বেশি না হলেও, ময়দানি লড়াইয়ে শুরু থেকে এগিয়ে ছিল বেলজিয়াম।
৩০ সেকেন্ডেই আমেরিকানদের রক্ষণভাগে ঢুকে পড়ে ডার্ক হর্সরা। তবে সে যাত্রায় বেচে যায় যুক্তরাষ্ট্র। এরপর আরো বেশ কয়েকবার জোরালো আক্রমণে যায় বেলজিয়াম, তবে ফিনিশিংয়ের অভাবে গোলশুন্য শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও যুক্তরাষ্ট্র শিবিরে হানা দিতে থাকে রেড ডেভিলরা। অন টার্গেট তারা শট করে ১২ বার। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না বেলজিয়াম। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ৯৩ মিনিটে লিড নেয় বেলজিয়াম। দলকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন।
৯০ মিনিটের আগের বেলজিয়াম যেন হঠাৎ করেই যায় পাল্টে। ১০৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু।
ম্যাচে ফিরতে মরিয়া যুক্তরাষ্ট্র ১ গোল শোধ করে ২ মিনিট পরেই। স্কোরশিটে নাম লেখান জুলিয়ান গ্রিন।
এরপরেও সুযোগ এসেছিল যুক্তরাষ্ট্রের। তবে গোলের সহজ সুযোগ নষ্ট করলে, হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইয়ুর্গেন ক্লিন্সম্যানের শীষ্যদের।
কোয়ার্টার ফাইনালে ৫ জুলাই বেলজিয়ামের প্রতিপক্ষ আর্জেন্টিনা।