দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে আরো এক ধাপ এগিয়ে যেতে চাইবে সেলেকাওরা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় এ খেলা অনুষ্ঠিত হবে।
এদিকে, শেষ আটের বাধা পার করে, প্রথমবারের মত সেমিফাইনালে উঠতে চাইবে দূর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়া। ২০০২ সালে পঞ্চম শিরোপা জয়ের পর, ২০০৬ ও ২০১০ সালে, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। ব্রাজিলিয়ানদের স্বপ্ন কি ভেঙ্গে যাবে কলম্বিয়া ঝড়ে? নাকি কলম্বিয়াকে উড়িয়ে দেবে অন্যতম ফেভারিট ব্রাজিল?
শেষ ষোলো পার করে এবার শেষ আটের লড়াই। প্রতিপক্ষ, প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল খেলতে আসা কলম্বিয়া।
রাউন্ড অফ সিক্সটিনে চিলির বিপক্ষে জয় তুলতে ঘাম ঝড়েছে সেলেকাওদের। জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে টাইব্রেকার পর্যন্ত। টাইব্রেকারে, গোলরক্ষক জুলিও সিজারের দূর্দান্ত দুটি সেইভে, চিলিকে ৩-২ গোলে হারিয়ে, প্রথম দল হিসেবে শেষ আটের টিকেট পায় স্বাগতিক ব্রাজিল।
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ানদের স্পটলাইটে থাকবেন সুপারস্টার নেইমার। চার ম্যাচে এরই মধ্যে চারটি গোল করেছেন এ ব্রাজিলিয়ান সেনসেশন। শেষ ম্যাচে টাইব্রেকারে চাপেরও মধ্যেও পেনাল্টি থেকে গোল আদায় করে নিয়েছেন ঠান্ডা মাথায়।
এদিকে, শেষ ষোলোর লড়াইয়ে সুয়ারেজবিহীন উরুগুয়েকে দাঁড়াতেই দেয়নি কলম্বিয়া। হামেস রড্রিগেজের জোড়া গোলে, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে, প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, দক্ষিণ আমেরিকার দেশটি।
ব্রাজিলের বিপক্ষেও ফ্যালকাওবিহীন কলম্বিয়ার মূল ভরসা হামেস রড্রিগেজ। চার ম্যাচে পাঁচ গোল করে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকার সবার ওপরে ২২ বছর বয়সী এ কলম্বিয়ান। পাঁচটি গোলের পাশাপাশি দুটি গোল বানিয়েও দিয়েছেন রড্রিগেজ।
তবে পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরাই। ২৫ বারের সাক্ষাতে, ১৫ বার জিতেছে ব্রাজিল, কলম্বিয়া জিতেছে দুবার। আর ড্র হয়েছে আটটি ম্যাচ।