সেমিফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ২টায় টপ ফেভারিট নেদারল্যান্ডের মুখোমুখি আন্ডারডগ কোস্টারিকা। গত আসরের রানার্স আপ ডাচরা এবার বিশ্বকাপ জিতেই ফিরতে চায়। এদিকে, প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়তে চায় লা সেলেরা।
অরেঞ্জ টর্নেডো মোকাবেলায় প্রস্তুত কোস্টারিকা। রোবেন, পার্সি, স্নাইডারদের ঝড়ো আক্রমণ সামাল দিতে আঁট-ঘাট বেঁধে নিজেদের তৈরি করেছে রুইজ-ক্যাম্বেলরা। ডেথ গ্রুপ ডি থেকে ইটালি, ইংল্যান্ডের মত বড় দলকে ছিটকে দিয়ে লা সেলেরা কোয়ালিফাই করেছে। গ্রিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সেমিফাইনালেও নিজেদের নাম লেখাতে চায় মধ্য আমেরিকার দেশটি।
এদিকে, লুইস ভ্যান গলের ট্রিক্স এন্ড ট্যাকটিসের কাছে এবার পরাস্ত হয়েছে প্রতিটি দলই। স্পেনকে বিদ্ধস্ত করার পেছনে কাজ করেছে তার কাউন্টার অ্যাটাকিং ফুটবলের ছক। নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে জয়ের নেপথ্যেও তাই। আর এবার সেমিফাইনাল নিশ্চিত করতে কোস্টারিকার জন্যও নতুন কোনো ছক তৈরি করছেন এ ডাচ কোচ।
কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে ডাচদের ভাবিয়ে তুলেছে, মিডফিল্ডার নাইজেল ডি ইয়ং এর ইনজুরি। তার অনুপস্থিতি ডাচদের মিডফিল্ডকে দুর্বল করেছে। তবে আক্রমণ ভাগে রোবেন,পার্সি, স্নাইডারদের উপস্থিতি বদলে দিতে পারে স্কোরলাইনকে। এছাড়া, সুপার সাব ডিপাইতো রয়েছেন বদলি নেমে প্রতিপক্ষের রক্ষনকে তছনছ করতে।
অন্যদিকে. আন্ডারডগ হলেও একেবারে হেলাফেলা করা যাবে না কোস্টারিকাকে। কারণ ডাচদের যেমন রয়েছে ভ্যান গল, তাদের রয়েছে লুইস পিন্টো। ইতালির সঙ্গে ড্র এবং উরুগুয়েকে হারানোর পিছনে তার কৌশলের বড় অবদান রয়েছে। আর পিন্টোর কৌশলকে পরিণতি দেয়ার জন্য দলে রয়েছেন ব্রায়ান রুইজ ও জোয়েল ক্যাম্বেলের মত তারকারা। সেই সঙ্গে গোলবারে নিচে অতন্দ্র প্রহরী কেলর নাভাস।