ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান জুনিগাকে।
গত শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেইমারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করেন কলম্বিয়ার জুনিগা। ওই চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন নেইমার- এএফপি টুইটারসহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার উদ্দেশ্য 'বর্ণবাদী' মন্তব্যের ফোয়ারা ছুটাচ্ছেন নেইমার ভক্ত ক্ষুব্ধ ব্রাজিলীয়রা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বকাপ থেকে নেইমার ছিটকে যাওয়ার পর শনিবার থেকে প্রাণনাশের হুমকির পাশাপাশি বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের মুখে পড়ছেন ক্লাব ফুটবলে নাপোলিতে খেলা এ ডিফেন্ডার।
গত শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে একটি বল ধরতে গিয়ে জুনিগা নেইমারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করেন। খেলার ৮৮ মিনিটে ওই ঘটনায় স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়েতে হয় ব্রাজিলীয় সুপারস্টারকে। ওই চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন নেইমার।
এরপর থেকে ক্ষুব্ধ নেইমার ভক্তরা, ই-মেইল, টুইটার ও সামাজিকমাধ্যমে জুনিগাকে উদ্দেশ্য করে আজেবাজে মন্তব্য পোস্ট করতে শুরু করে।
তাদের কেউ কেউ ২৮ বছর বয়সী জুনিগাকে 'পিশাচ' ও ফুটবল ইতিহাসের 'শ্রেষ্ঠ ভিলেন' বলেও অভিহিত করেন। অবশ্য কেউ কেউ এসব ব্যাপারে নিরবতা পালন করছেন এবং 'বর্ণবাদী আচরণ' গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন।
স্কোলারির দলের সেরা তারকা নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য দুঃখপ্রকাশ করেছেন জুনিগা। নেইমারকে তিনি কখনোই আহত করতে চাননি বলে জানান তিনি।
জুনিগা সাংবাদিকদের বলেন, এটি ছিল কঠিন একটি ম্যাচ। আমরা গোল পরিশোধের জন্য তখন মরিয়া হয়ে ওঠেছিলাম। ব্রাজিলও আমাদের শক্তভাবে মার্কিংয়ে রাখছিল। আশা করি, তার (নেইমারের) বড় ধরনের কোনো সমস্যা হবে না। এটাই এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।
কলম্বিয়ান ওই ডিফেন্ডার আরো বলেন, ময়দানী লড়াইয়ে আমি আমার জার্সি ও দেশকে রক্ষার চেষ্টায় নিয়োজিত ছিলাম। আমি তাকে আতঙ্কে রাখার চেষ্টা করছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি হয়ে গেছে।