মিরোস্লাভ ক্লোসা সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে গোল করে রোনালদোকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হলেন এ ৩২ বছর বয়সী জার্মান তারকা।
ব্রাজিলের বিপক্ষে ২৩ মিনিটে ডি বক্সের মধ্য থেকে ডান পায়ের নিখুত শটে গোল করলেন মিরোস্লাভ ক্লোসা। আর এ গোলের মধ্য দিয়ে ক্লোসা পৌঁছে গেলেন ইতিহাসের এক অনন্য উচ্চতায়। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদোকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬টি গোল করার রেকর্ড গড়লেন।
২০০২ সালে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই নিজকে তুলে ধরেন এ গোলস্কোরার। সৌদি আরবের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫টি গোল তুলে নেন তিনি।
২০০৬ এ ঘরের মাঠে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্বে ৪টি গোল পেয়ে যান ক্লোসা। দল বিশ্বকাপ না পেলেও ৫ গোল করে গোল্ডেন বুট নিজের করে নেন গোলস্কোরার।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ক্লোসার কাছ থেকে মূল্যবান চারটি গোল পায় জার্মানি। ১৪ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার হয়ে বিশ্বকাপ শেষ করেন তিনি।
২০১৪ বিশ্বকাপে জোয়াকিম লোর দলে ডাক পান এই স্ট্রাইকার। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচে স্কোর করে ছুয়ে ফেলেন ফেনোমেনন রোনালদোকে।
আর সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে জালে বল পাঠিয়ে রেকর্ডবুকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা।