জার্মানদের কাছে বিধ্বস্ত হওয়ার পর শোকে স্তব্ধ পুরো ব্রাজিল। স্বাগতিকদের এখন একটাই আশা- অন্তত বিশ্বকাপের তৃতীয় স্থানটি পাওয়ার সান্ত্বনা নিয়ে টুর্নামেন্টটি শেষ করা। এ লক্ষ্যকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ব্রাজিল ও নেদারল্যান্ডস দল।
এদিকে, দলকে উৎসাহ দিতে ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন ইনজুরিতে থাকা ব্রাজিল তারকা নেইমার। বাংলাদেশ সময়ে শনিবার রাত দুইটায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু'দল।
এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট দল ছিলো আয়োজক দেশ ব্রাজিল। ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিল সেলেসাওরা।
তবে সেমিফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে বাজেভাবে হেরে শেষ হয় সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন।
৬ মিনিটে ৪ গোল খেয়ে ইতিহাসের সবচেয়ে বড় ৭-১ ব্যবধানে পরাজয়ের লজ্জা বরণ করে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৬৪ বছর আগের মারাকানা ট্রাজেডির পাশে নতুন করে নাম লেখালো মিনেইরো ট্রাজেডি।
এদিকে, নিজ দেশের মাটিতে ব্রাজিলের লজ্জাজনক হার মেনে নিতে পারছে না ব্রাজিলবাসী। তাদের এ ভরাডুবির সকল দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ লুইস ফেলিপে স্কলারি। খেলোয়াড় বাছাই, প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণ ও রক্ষণের ছক সাজানো থেকে সব পরিকল্পনাই ভেস্তে গেছে স্কলারির। আর এ কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
সেমিফাইনাল থেকে এমন লজ্জাজনক বিদায়ের পর ব্রাজিলিয়ান গণমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে স্কলারিসহ পুরো ব্রাজিল দল। তবে, ব্যর্থতায় দায় নিয়ে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন স্কলারি।
এছাড়া, সেমিফাইনালের ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক ডেভিড লুইসও প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন ভক্ত সমর্থকদের কাছে।
এদিকে, দেশবাসীকে দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অধিনায়ক থিয়েগো সিলভা। অপ্রত্যাশিত বিপর্যয় পিছনে ফেলে ব্রাজিলের সামনে এখন একটাই চাওয়া বিশ্বকাপের তৃতীয় স্থানটি। নেদারল্যান্ডসের সঙ্গে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচটি জেতার সান্তনা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় সেলেসাওরা।