লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েন, বিশ্বের অন্যতম সেরা এ অ্যাটাকাররা একই দলে খেললেও ব্রাজিল ওয়ার্ল্ড কাপে একসঙ্গে পারফর্ম করতে পারেননি তারা। ২৮ বছরের শিরোপা খরা ঘোঁচাতে, ফাইনালে এ তিন অ্যাটাকারের জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে আর্জেন্টিনা। আর আর্জন্টিনার আক্রমণভাগকে রুখে দিতে প্রস্তুত জার্মান ডিফেন্ডাররাও। তারাও চান চতুর্থবারের মতো বিশ্বসেরা খেতাব জিততে। রোববার রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-জার্মানি।
লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া ও গঞ্জালো হিগুয়েন। ফ্যাবুলাস ফোর হিসেবে পরিচিত এই চার ফরোয়ার্ড। একই দলে বিশ্বের অন্যতম সেরা এ চার খেলোয়াড়ের থাকাটা নিশ্চয়ই যে কোনো প্রতিপক্ষের জন্যই দুশ্চিন্তার কারণ। তবে দুর্ভাগ্যই বলতে হয় আর্জেন্টিনার। বিশ্বকাপের মঞ্চে এখনো পর্যন্ত একসঙ্গে জ্বলে উঠতে পারেনি ফ্যাবুলাস ফোর।
সার্জিও আগুয়েরো, গেলো তিন মৌসুমে ৭৫টি গোল করে দ্বিতীয় বার শিরোপা জিতিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। অথচ বিশ্বকাপে সেই পারফর্মেন্সের ছিটোফোটাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
গঞ্জালো হিগুয়েন, এ বিশ্বকাপে মাত্র ১টি গোল করেছেন অথচ সাদা আকাশীদের আক্রমণভাগের অন্যতম অনুপ্রেরণা হতে পারতেন জাতীয় দলের হয়ে ২২ গোল করা এ স্ট্রাইকার।
নিজের সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন রিয়াল মাদ্রিদে খেলা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। দ্বিতীয় রাউন্ডে তার গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ইনজুরি, বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে ডি মারিয়াকে।
শুধু আর্জেন্টিনা নয়, এই প্রজন্মের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তাঁর পায়ের জাদুতেই আলবিসেলেস্তেরা গ্রুপ পর্ব পার হলেও, নকআউট পর্বে এ পর্যন্ত গোল পাননি মেসি।
তাই নিশ্চয়ই কোচ আলেহান্দ্রো সাবেয়া খুব করে চাইবেন ফাইনালে মেসি, হিগুয়েন ও আগুয়েরোরা তাদের স্বরূপে ফিরুক। তবেই হয়তো ২৮ বছরের শিরোপা খরা ঘুঁচবে আর্জেন্টিনার।
এদিকে, সাদা আকাশীদের অ্যাটাক রুখতে প্রস্তুত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও। এই বিশ্বকাপে মাত্র ৪ গোল খেয়েছেন এই অভিজ্ঞ গোলকিপার। মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার বলেছেন, লিওনেল মেসিকে ম্যান টু ম্যান মার্কিংয়ে নয়, দলগতভাবেই আটকাবে জার্মানরা। ম্যাটস হামেলস, পার মার্টেস্কার, জেরোমে বোয়েটাং ও ফিলিপ লামরাও ছক কষছেন চতুর্থবারের মতো সোনালী ট্রফিটা নিয়েই দেশে ফিরতে।