বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ভাসার আগেই দর্শকেরা মোহিত হন গানে আনন্দে- বিনোদনে। রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে ফাইনালের দেড় ঘণ্টা আগে হয় হ্রদয়ছোঁয়া সমাপনী অনুষ্ঠান। কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মেক্সিকোর গিটার শিল্পী কার্লোস সান্তানা, ব্রাজিলের সংগীত শিল্পী ইভেত সানগালো মাতান এ সমাপণী অনুষ্ঠান।
মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের পতাকার ওপর, সাদা-আকাশি ও লাল-কালো-হলুদ জামা পরা নৃত্যশিল্পীরা যেন দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও জার্মানির প্রতীক।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল এবারের আসরে অংশ নেয়া ৩২ দেশের পতাকা নিয়ে ফ্ল্যাগ প্যারেড। ছিল কোরিওগ্রাফি। ছিল সাম্বার প্রতীকী ছন্দ।
ব্রাজিলের দুই ক্লাব ফুটবলার দেখান ক্যারিশমা।
দ্বিতীয় পর্বে ছিল সংগীতের মূর্ছনা। প্রথমে লা লা লা ব্রাজিল ২০১৪ গানে মাতালেন কলম্বিয়ান পপ সুপার স্টার শাকিরা।
২০০৬ জার্মানি ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও শাকিরা ছিলেন প্রধান আকর্ষণ।
শাকিরার পরে বিশ্বকাপের থিম সং গেয়ে দর্শক মাতান মেক্সিকোর গিটার শিল্পী কার্লোস সান্তানা ও জিয়ান। সবশেষে এবারের মাসকট ফুলেকোকে নিয়ে স্টেডিয়ামে আসেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী ইভেত সানগালোরা। তার গানে গানেই শেষ হয় সমাপনী আয়োজন।