বিশ্বকাপের রেশ এখনো কাটেনি আর আর্জেন্টিনা সবে দেশে ফিরেছে রানার্স আপ হয়ে। ফুটবলের ক্ষুদে যাদুকর লিওনেল মেসি পারেননি দলকে বিশ্বকাপ জেতাতে। তবে মেসির অধরা স্বপ্ন পূরণ করতে তৈরি হচ্ছে আরেক ক্ষুদে মেসি। ৮ বছর বয়সী ক্লদিও গ্যাব্রিয়েল নানকুফিল। নতুন এই প্রতিভার একটি ভিডিও ক্লিপ এরইমধ্যে ঝড় তুলেছে ফুটবল বিশ্বে।
সব সময়ই নতুন একজন মেসির খোজ করে যাচ্ছে ফুটবল দুনিয়া। ভিন গ্রহের এ ফুটবলারের পর কে মাতাবেন মাঠ? কে হবেন ডিফেন্ডার-গোলকিপারদের ত্রাস? উত্তর জানতে প্রতিনিয়তই মরিয়া বিশ্ব।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো মতে, চিন্তার কিছু নেই- যেখান থেকে মেসির আবির্ভাব ঘটেছিল, সেখানেই সন্ধান মিলেছে নতুন এক মেসির। ৮ বছরের ক্লদিও গ্যাব্রিয়েল নানকুফিল। ক্ষুদে এ প্রতিভাবান তার পায়ের জাদু দেখিয়ে এরইমধ্যে চলে এসেছেন লাইমলাইটে।
নানকুফিলের বসবাস আর্জেন্টিনার পাহাড়ি শহর ব্যারিলোচে। ফুটবল শৈলী দেখিয়ে জায়গা পেয়ে গেছেন আর্জেন্টিনার বড় ক্লাবে। তাকে দলে ভেড়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ক্লাবগুলো। এরইমধ্যে বার্সেলোনার সুনজরে পড়ে গেছেন এ নতুন মেসি। আর তাকে পেতে বার্সা-রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডও।
আগামীর কোনো বিশ্বকাপে নানকুফিলই হয়তো হৃদয় কাড়বে কোটি ফুটবল প্রেমীর...।