বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের অদক্ষতা, অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই বাংলাদেশর ক্রিকেটের পারফর্মেন্সের অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রীড়া সংগঠকরা। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।
এশিয়া কাপে ব্যর্থতা, টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে হার এবং ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজে হেরে গেছে বাংলাদেশ। সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের।
এর ওপর আবার দলে শৃঙ্খলার অভাব রয়েছে এমন অভিযোগও শোনা যায়। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের অপেশাদার মনোভাবকেই দায়ী করেছে ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটারদের সংগঠন ক্রীড়া উন্নয়ন পরিষদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমান বাদল, শফিকুল হক হীরা ও দেবব্রত পালসহ আরো অনেকে।