ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে এটি টাইগারদের চতুর্থ হোয়াইটওয়াশ। সেন্ট কিটসে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯১ রানে হেরেছে মুশফিক বাহিনী। ৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪৭ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এ নিয়ে ২৯তম বারের মতো হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সেই সঙ্গে টানা ১২টি হারের মুখ দেখলো টাইগাররা।
তবে মান বাচানোর লড়াইয়ে তৃতীয় ওয়ানডেতে শুরুটা ভালই হয়েছিল মুশফিকবাহিনীর। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার সিমন্স ও গেইল।
অবশ্য এরপর আর ক্যারিবীয় শিবিরে ভাঙ্গন ধরাতে পারেনি সফরকারিরা। ব্রাভো ও রামদিনের দৃঢ় ব্যাটিংয়ে শক্ত ভিত গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৫৮ রানের জুটি গড়ে দুজেনই তুলে নেন শতক। ব্রাভো ১২৭ বলে ১২৪ এবং ১২১ বলে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রামদিন।
তাদের রানে ভর করে শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩৩৮ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা।
বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই খালি হাতে বিদায় নেন এনামুল হক বিজয়।
পরের ওভারেই একই পথে হাটেন ইমরুল কায়েস। ২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা।
তবে সে যাত্রায় সামলে নেন তামিম ও মুশফিক। দেখে শুনে খেলে অর্ধশতক তুলে নেন তামিম।
৫৫ রান করে তামিম সাজঘরে ফিরলে ভাঙ্গে ৯৯ রানের জুটি।
এরপর মুমিনুল ঝটপট বিদায় নিলে মুশফিককে সঙ্গ দেন মাহমুদুল্লাহ। হাফসেঞ্চুরি পূরণ করেন মুশফিকও।
তবে ৭২ রানের বেশি এগুতে পারেননি মুশফিক। এরপর বাকিরাও পারেননি দলকে টেনে নিতে। মাহমুদুল্লাহ, নাসির, সোহাগরা যুদ্ধ চালিয়ে গেলেও লক্ষ্য থেকে যায় দুরেই। শেষ পর্যন্ত ২৪৭ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।