সব কিছু ঠিক থাকলে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তেই বার্সেলোনার জার্সিতে অভিষেক হতে পারে লুইস সুয়ারেজের।
আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকো ম্যাচের মাধ্যমে মাঠে ফিরতে পারেন লুইস সুয়ারেজ।
২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে সানতিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দিবে রিয়াল। স্থানীয় সময় সন্ধ্যা ৬.০০টায় শুরু হবে বহুল প্রতিক্ষিত এই ম্যাচটি।
গত জুনে বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেবার অপরাধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সুয়ারেজের উপর সবধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করে।
ওইসময় লিভারপুলের সাবেক এই তারকার প্রাথমিক আপিল নাকচ করে দেয় ফিফা। কিন্তু শেষ পর্যন্ত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস এর রায়ে নতুন ক্লাব বার্সেলোনার সাথে অনুশীলন করার সুযোগ পায় সুয়ারেজ।
যদিও চার মাসের নিষেধাজ্ঞা বহাল ছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২৫ অক্টোবর সুয়ারেজের মাঠে ফেরার আশা করা হচ্ছে।
কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে ম্যাচ শুরু ১৮ ঘণ্টা আগে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কাতালান জায়ান্টদের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আনফিল্ড থেকে চলতি মৌসুমে ৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্যাম্প ন্যুতে পাড়ি জমিয়েছেন সুয়ারেজ। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ক্লাব লিওর বিপক্ষে বার্সেলোনার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন সুয়ারেজ।