আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ড্যাশিং ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। ঘাড়ের ইনজুরি ও আঙ্গুলে সমস্যার কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে চোট পান রোহিত। পরে জানা যায়, তার ডান হাতে আঙ্গুল ভেঙ্গে গেছে। এছাড়া ঘাড়ের পুরোন ইনজুরিও আবার সমস্যা করছে। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টি-২০তে খেলা হচ্ছে না রোহিতের। ফলে টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে পোলার্ডকে।
২০১০ সালে আইপিএলের আসরে পোলার্ডকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর থেকে দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে যান পোলার্ড। মারমুখী ব্যাটিং করে দলকে অনেক জয়ের স্বাদও পাইয়ে দিয়েছেন তিনি। আর এবার অধিনায়কের মত বড় দায়িত্ব পেলেন পোলার্ড।
দায়িত্ব পাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন পোলার্ড, ‘এটি দুর্ভাগ্য যে রোহিত দলের সাথে থাকবে না। আমি আশা করবো সে দ্রুতই খেলায় ফিরবে। সত্যিভাবে বলছি, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করা আমার জন্য অনেক বড় সম্মানের। এজন্য আমি ধন্যবাদ দিচ্ছি মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্টকে। তারা আমার উপর আস্থা রাখতে পেরেছে।’
অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতাটা বেশ ভারী পোলার্ডের। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের অধিনায়কত্ব করেন তিনি। সর্বশেষ সিপিএলে পোলার্ডের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
আগামীকাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্ট। প্রথম দিনই মাঠে নামছে মুম্বাই। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই মুখোমুখি হবে পাকিস্তানের দল লাহোর লায়ন্সের। সূত্র বাসস।