ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট দুই সিরিজেই হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। লজ্জাজনক পারফরমেন্সের এই সফরকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
তিনি বলেন, ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংই মুশফিকদের এমন পরাজয়ের কারণ। আর সাবেক ক্রিকেটারদের মতে, এমন ব্যর্থতার পিছনে বোলারদের ভূমিকাও রয়েছে।
ব্যর্থতায় মোড়ানো আরো একটি ট্যুর যুক্ত হলো বাংলাদেশের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃস্টিতে পণ্ড হয়। তবে ২ ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের ভাগ্যে জুটে আবারো ধবল ধোলাইয়ের লজ্জা। প্রথম টেস্টে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ২৯৬ রানের বিশাল পরাজয়। সিরিজে প্রাপ্তি বলতে, অভিষেক স্পিনার তাইজুল ইসলামের ৫ উইকেট আর অধিনায়কের ১১৬ রানে ইনিংস ।
জাতীয় দলের প্রধান নির্বাচক বললেন, ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়েই দলের এমন ভরাডুবি। আর জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর এমন পরাজয়ে বোলারদের দায়িত্বহীন বোলিংয়ের কথাও বললেন।