চোখ ধাঁধাঁনো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল সপ্তদশ এশিয়ান গেমসের। ৪৫ দেশের এই আসর চলবে ৪ অক্টোবর পর্যন্ত। ৩৬টি ডিসিপ্লিনে ৪৩৯টি স্বর্ণপদকের জন্য লড়বেন ৯ হাজার ৫০০ অ্যাথলিট। দক্ষিণ কোরিয়ার ইনচনে, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রূপাজয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকি।
দক্ষিণ কোরিয়ার ইনচনের মেইন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ১৭তম এশিয়ান গেমসের। শুরুতেই আতশবাজির বর্ণচ্ছটায় আলোকিত হয়ে ওঠে ইনচনের আকাশ।
পুরো অনুষ্ঠানজুড়েই চোখ ধাঁধাঁনো সব ডিসপ্লে ও মন মাতানো পারফর্মেন্সের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় দক্ষিণ কোরিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। নিজের গানের সঙ্গে পারফর্ম করেন গ্যাংন্যাম খ্যাত কোরিয়ান পপতারকা সাই।
এবারের এশিয়ান গেমসের থিম সং ছিলো ‘ভবিষ্যতের এশিয়ার সঙ্গে পরিচিত হও’। ওয়েলকাম ইভেন্টে ছিল এশিয়ান গেমসের প্রমোশনাল ভিডিও ও ভেন্যুগুলোর পরিচিতি।
গেমসের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিওন হাই। ৬০ সদস্যের বাংলাদেশ দল অংশ নেয় মার্চপাস্টে। এর নেতৃত্ব দেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার আবদুল্লা হেল বাকী।
এবারের আসরে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫ টি দেশ। ৩৬টি ইভেন্টে ৪৩৯টি স্বর্ণপদকের জন্য লড়বে ৯ হাজার ৫শ অ্যাথলিট। এর মধ্যে ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং, কাবাডিসহ ১৩টি খেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। ১ দশমিক ছয় দুই বিলিয়ন ডলার বাজেটের এই আসরের পর্দা নামবে ৪ অক্টোবর।