জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব দিবেন পেসার মাশরাফি বিন মর্তুজা। এ সিরিজে তার সহকারী হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ৭টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৩টি জয় উপহার দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এ পেসার।
এদিকে, ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব পান মাশরাফি আর সহ-অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে।
ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টের প্রথম দিনই চোট পেয়ে মাঠ ছাড়েন মাশরাফি। সফরে বাকি দিনগুলোতে দলকে নেতৃত্ব দেন সাকিব।
সুস্থ হয়ে ওঠার পর ২০১০ সালের জুলাইয়ে ইউরোপ সফরে (ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড) সফরে নেতৃত্ব ফিরে পান মাশরাফি। অক্টোবরে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেতৃত্বে ছিলেন দেশসেরা এ পেসার। তবে প্রথম ম্যাচেই চোট পান মাশরাফি।
৪-০ ব্যবধানে সেই সিরিজে বাকি ম্যাচগুলোতে আবারো নেতৃত্ব দিতে হয় সাকিবকে। পরে ৩১ ডিসেম্বর সাকিবকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহ-অধিনায়ক ঘোষণা করে বিসিবি।
২০১১ সালে জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার পর নেতৃত্ব হারান সাকিব ও তামিম। তাদের জায়গায় আসেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। পরে সহ-অধিনায়কত্ব হারান মাহমুদুল্লাহ।