বেইজিংয়ে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। মেসি-নেইমার দুই তারকার কেউ গোল পাননি। তবে জমজমাট এই লড়াইয়ে সেলেসাওদের জয়ের নায়ক দিয়েগো তার্দেলি। সেলেসাওদের দুটি গোলই করেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
সুপার ক্লাসিকোতে শুরু থেকেই ব্রাজিলের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। মেসি, দি মারিয়াদের নৈপুণ্যে বল দখলেই পাচ্ছিল না সেলেসাওরা। কিন্তু বল দখলে পিছিয়ে পড়লেও আর্জেন্টাইন ডিফেন্সের ভুলে প্রথমে লিড নেয় ব্রাজিল। ম্যাচের ২৭ মিনিটে আর্জেন্টাইন গোলরক্ষক সার্হিও রোমেরোকে, পরাস্ত করেন সেলেসাও স্ট্রাইকার দিয়েগো তার্দেলি।
ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন নেইমার। ম্যাচের ৩৯ মিনিটে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় ব্রাজিল। কিন্তু লিওনেল মেসির শট ঠেকিয়ে ব্রাজিলকে এগিয়ে রাখেন জেফারসন।
ম্যাচের ৬৩ মিনিটে আবারো আর্জেন্টিনার জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তার্দেলি। শেষ পর্যন্ত ২-০ গোলেই মর্যাদার লড়াইয়ে জিতে ব্রাজিল।