এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে, সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন সানজিদা আক্তার ও বিপাশা। টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ছয় পয়েন্ট স্বাগতিকদের।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে বিপাশার গোলে লিড নেয় স্বাগতিকরা। চার মিনিট পরে, সানজিদা আক্তারের গোলে লিড দ্বিগুণ করে লাল সবুজরা।
২৩ মিনিটে দর্শকদের আরেকবার আনন্দের উপলক্ষ্য এনে দেন সানজিদা। বিরতির মিনিট খানেক আগে, কৃষ্ণা রানী সরকারের গোলে স্কোরলাইন ৪-০ হয়।
বিরতি থেকে ফিরে, আরেকবার প্রতিপক্ষের জালে বল জালে জড়ান বিপাশা। খেলার অন্তিম লগ্নে ৯০চম মিনিটে, স্কোরশীটে নাম লেখান বদলি খেলোয়াড় লিপি। শেষ পর্যন্ত, সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এদিকে, টুর্নামেন্টের আরেক ম্যাচে, ফাতেমা হোসেইনির জোড়া গোলে ভারতকে ২-১ গোলে হারিয়েছে ইরান।