জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডউইক ডি ক্রুইফ ও সহকারী কোচ রেনে কোস্টারকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৭ মাস আগেই অব্যাহিত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, কোচদের দায়িত্বহীনতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। নতুন কোচ ঠিক না হওয়া পর্যন্ত, দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশি কোচ সাইফুল বারী টিটুকে।
গত বছর ১৩ জুন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লোডউইক ডি ক্রুইফ এবং সহকারী কোচ হিসেবে রেনে কোস্টারের নাম ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয় তাদের। জাতীয় দল নিয়ে লোডউইক এবং বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে কাজ শুরু করেন রেনে কোস্টার।
দায়িত্ব নেয়ার পর এ দুই কোচের প্রথম অ্যাসাইমেন্ট ছিলো দশম সাফ চ্যাম্পিয়ন শিপ। তবে নানাধরণের সুবিধা দেয়ার পরও সাফ ফুটবলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।
সেইসঙ্গে প্রীতি ম্যাচগুলোতেও আশানুরুপ পারফরমেন্স ছিল না বাংলাদেশের।
মাঝে বেতন নিয়ে ফেডারেশনের সঙ্গে নতুন ঝামেলা শুরু হয় এ দুই কোচের। এ বছরের ২ আগস্ট বাফুফের সভাপতির বাসায় বৈঠক শেষে জানিয়েছিলেন আর কোন সমস্যা নেই তাদের।
এরপরও জাতীয় দলের কোচের দায়িত্ব এ দুই কোচকে না রাখার সিদ্ধান্ত নেয় ফুটবল ফেডারেশন।
কারণ হিসেবে বাফুফে সভাপতি জানিয়েছেন, দায়িত্বহীনতার কারণেই অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। সেক্ষেত্রে নতুন কোচ কে হচ্ছেন তা ঠিক না হলেও আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে।