স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কাতালানদের হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে এখন গ্যালাক্টিকোসরা। ৯ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২২ পয়েন্ট বার্সেলোনার।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুর লিড অবশ্য ছিল বার্সেলোনারই। কাতালান জার্সিতে এ ম্যাচেই অভিষেক হওয়া লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন নেইমার। গোল হজম করে মরিয়া রিয়াল এরপর একের পর এক আক্রমণ করতে থাকে। ৩৫ মিনিটে বার্সা ডিফেন্ডার পিকের ভুলে পেনাল্টি পায় রিয়াল।
দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ১-১ এ বিরতিতে যায় দুই দল। বিরতির পর আরও ক্ষুরধার হয়ে ওঠে গ্যালাক্টিকোরা। ৫০ মিনিটে হেডে বার্সার জালে বল পাঠান পেপে।
৬১ মিনিটে ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজেমার গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।